গম রফতানিতে আরোপ করা শুল্কের বিষয়টি ফর্মুলাভিত্তিক শুল্কে পরিবর্তন করতে যাচ্ছে রাশিয়া। ফর্মুলাভিত্তিক শুল্কের আওতায় দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে শুল্কও বেড়ে যাবে। এটি মহামারীতে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় রফতানিতে শুল্কারোপ করে দেশীয় খাবারের দাম কমানোর চেষ্টারই একটি অংশ। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

রাশিয়া এর আগে রফতানিতে একাধিক স্থির শুল্ক আরোপ করেছিল। এ শুল্ক ১৫ ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছিল। পরিবর্তে ফর্মুলাভিত্তিক শুল্ক এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার বাণিজ্যমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ রয়টার্সকে বলেছেন, আমরা আশা করি, এ ব্যবস্থাগুলো বাজার স্থিতিশীল করতে এবং গমের দাম কমানোর জন্য যথেষ্ট হবে। ১ এপ্রিল থেকে রাশিয়ার শস্য রফতানিকারকদের তাদের চুক্তির দাম মস্কো এক্সচেঞ্জকে জানাতে হবে। এরপর ফর্মুলার জন্য মূল্য সূচক গণনা করা হবে। ওই সপ্তাহের শেষ কার্যদিবসে শুল্ক পুনরায় গণনা করে প্রকাশ করা হবে এবং প্রকাশের পর তৃতীয় কার্যদিবস থেকে এ শুল্ক কার্যকর করা হবে।