সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট থেকেই এই আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়ার আনুষ্ঠানিক কাজ শুরু করার কথা রয়েছে।

আনুষ্ঠানিকভাবে সব কাজ সম্পন্ন করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে সূত্রটি জানিয়েছে। এর আগে ২৮ আগস্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার একটি পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গেছে। প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আগ্রহ কমে গেছে। মূলত এ কারণেই তালিকাভুক্তির তারিখ কিছুটা পেছানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিঙ্গাপুরভিত্তিক ব্র্যান্ড শেইন গত কয়েক বছরে বিশ্বের দ্রুততম বেড়ে ওঠা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে উঠেছে। দ্রুত পণ্য সরবরাহের ব্যবস্থা এবং কম দামের পোশাকের কারণে প্রতিষ্ঠানটি এইচঅ্যান্ডএম ও জারার মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। বর্তমানে আইপিওর জন্য প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধরা হয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ কোটি ডলার, যা ২০২২ সালের তুলনায় বেশ কম। ওই সময় শেইনের প্রাক্কলিত মূল্য ছিল প্রায় ১০ হাজার কোটি ডলার। এমনকি প্রাথমিক আলোচনার সময়ও তারা ৩-৪ হাজার কোটি ডলার মূল্যায়নের আশা করেছিল।

প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাংক ইউবিএস গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। প্রথমবারের মতো সংস্থাটি পোশাক শিল্পের কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। মূলত প্রতিষ্ঠানের মূল বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির আগে নির্দিষ্ট পরিমাণ শেয়ার কেনার প্রতিশ্রুতি দেন এবং অন্তত ছয় মাসের জন্য সেই শেয়ার ধরে রাখতে সম্মত হন।

এ বিষয়ে ইউবিএস গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। সিঙ্গাপুরে সদর দপ্তর অবস্থিত শেইন কর্তৃপক্ষও আইপিওর নতুন সময়সূচি ও মূল্যায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রাথমিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাড়তি শেয়ার দেয়ার সুযোগ রাখা হতে পারে বলে নথিপত্রে উল্লেখ করা হয়েছে।