গত বছর যুক্তরাষ্ট্রের ইস্পাত উৎপাদন ১৭ দশমিক ২ শতাংশ কমেছে। এতে ইস্পাত উৎপাদনে গত বছর বিশ্বের চতুর্থ স্থানে ছিল বিশ্বের বৃহত্তম অর্থনীতিটি। একই সময়ে এশিয়ায় ইস্পাত উৎপাদন বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। শীর্ষ তিন ইস্পাত উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, ভারত ও জাপান। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন বলছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ইস্পাত উৎপাদন হয়েছে ৭ কোটি ২৭ লাখ টন, ২০১৯ সালের তুলনায় যা কমেছে ১৭ দশমিক ২ শতাংশ। খবর দ্য টাইমস।

গত বছর উত্তর আমেরিকার মোট ইস্পাত উৎপাদন পূর্ববর্তী বছরের চেয়ে ১৫ দশমিক ৫ শতাংশ কমে ১০ কোটি ১১ লাখ টনে দাঁড়িয়েছে।

ব্রাসেলসভিত্তিক ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন বলছে, গত বছর বৈশ্বিক ইস্পাত উৎপাদন হয়েছে ১৮৬ কোটি টন, যা বছরওয়ারি কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। অঞ্চল হিসেবে এশিয়ায় ইস্পাত উৎপাদন হয়েছে ১৩৭ কোটি টন, যা বছরওয়ারি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। চীনে ইস্পাত উৎপাদন হয়েছে ১০৫ কোটি টন, যা বছরওয়ারি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। গত বছর বৈশ্বিক ইস্পাত উৎপাদনের ৫৬ দশমিক ৫ শতাংশের প্রতিনিধিত্ব করেছে চীন। এর আগের বছর এ হার ছিল ৫৩ দশমিক ৩ শতাংশ। ভারতে গত বছর ইস্পাত উৎপাদন ১০ দশমিক ৬ শতাংশ কমে ৯ কোটি ৯৬ লাখ টনে দাঁড়িয়েছে। জাপানে ১৬ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩২ লাখ টন। দক্ষিণ কোরিয়ায় ইস্পাত উৎপাদন হয়েছে ৬ কোটি ৭১ লাখ টন।