আবাসন ব্যবসায়ের ধীরগতির কারণে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি তৈরির পরিমাণ কমেছে। সম্প্রতি প্রকাশিত দেশটির আদমশুমারির তথ্য মতে, ডিসেম্বরে আবাসন খাতের কার্যক্রম নভেম্বরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমেছে। গত বছরের তুলনায় কমেছে ২১ দশমিক ৮ শতাংশ। খবর সিএনএন।
গত ডিসেম্বরে মর্টগেজের হার সামান্য কমেছিল। সে সময় আবাসন খাতসংশ্লিষ্টরা প্রত্যাশা করছিলেন যে ২০২৩ সালে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। বাড়ি তৈরিতে ধীরগতির এটিও একটি কারণ বলে মনে করা হচ্ছে।
তবে গত বছরের মে ও জুলাইয়ে আবাসন খাতের কার্যক্রমে বড় পতন দেখা গেছে। বিশেষ করে মর্টগেজের হারের ক্রমবর্ধমান বৃদ্ধি সম্ভাব্য অনেক ক্রেতাকে অনুৎসাহিত করেছে। আগস্টে খানিকটা অগ্রগতি হলেও তার পর থেকে পতন ঘটেছে।
নতুন আবাসন ইউনিটের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় ভবন তৈরির অনুমতি দেয়ার মাধ্যমে। এ হিসাবে ডিসেম্বরেও নতুন বাড়ি তৈরির জন্য অনুমতি চাওয়া ও অনুমতি দেয়ার সংখ্যা বেশ কম দেখা গেছে। তাছাড়া নভেম্বরের সংশোধিত হার ১ দশমিক ৬ শতাংশ, যা এক বছর আগের তুলনায় ২৯ দশমিক ৯ শতাংশ কম।
আরসিএলসিও রিয়েল এস্টেটের কেলি ম্যানগোল্ড বলেন, মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। চাকরির বাজার তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। তাই ২০২৩ সালের প্রথম দিকে আবাসন বাজার কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণের কাজটি চিত্তাকর্ষক হবে।










