বীমা খাতের তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় ১১০ কোটি টাকা পাওনা রয়েছে। যদিও কার কাছে এ অর্থ পাওনা রয়েছে সে তথ্য যাচাই করতে পারেনি কোম্পানিটি। এ কারণে কোম্পানিটির দাবি করা এ পাওনা অর্থের যথার্থতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে এ বিষয়ে মতামত প্রদান করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান ফেমস অ্যান্ড আর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২৪ হিসাব বছর শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০৯ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৬৯৩ টাকা পাওনা রয়েছে। তবে এ পাওনা অর্থের যথার্থতার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে নিরীক্ষক বলছেন, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যক্তিগত পাওনা অর্থের পরিমাণ যাচাই করতে পারেনি। এ কারণে তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা এবং এর পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগের ২০২৩ হিসাব বছরেও কোম্পানিটির পাওনার পরিমাণ একই ছিল। কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে অতীতে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে বিভিন্ন অনিয়ম ও সুশাসনের ব্যত্যয় হয়েছে। তখন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল বেড়েছে ১০৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, আগের হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
তিন প্রান্তিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা দাবিসহ মোট আয় হয়েছে ৯১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৮ কোটি ৫৬ লাখ টাকা।









