বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো। চার দিনব্যাপী এ রোডশো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিন শহরে।

এ আয়োজনে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এআরএম নজমুস ছাকিব, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের এমডি ও সিইও শাহ আলম সারওয়ার প্রমুখ।

শাখা-উপশাখায় আইএফআইসির মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিট্যান্স বিনিময়কে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছিল এ রোডশোর। প্রতিটি শোতে আমন্ত্রিত যুক্তরাষ্ট্র প্রবাসী ও অনাবাসী বাংলাদেশীদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার বলেন, ‘শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এরই মধ্যে পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। সুবিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএসের মাধ্যমে প্রবাসীরা এখন প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সেবা গ্রহণ করতে পারছেন। 

রোডশোতে অংশগ্রহণকারী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানোসহ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।