জাপানের নারা শহরে অবস্থিত ঐতিহাসিক একটি কারাগারকে অভিজাত হোটেলের রূপ দেয়া হচ্ছে। ২০২৬ সালের বসন্তে এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পর্যটকরা সেখান থেকে বিশ শতকের সমৃদ্ধ ইতিহাসের আবহ পাবে। খবর জাপান টাইমস
কয়েকটি কারাকক্ষকে একত্রিত করে তৈরি হচ্ছে একেকটি অতিথি কক্ষ। এভাবে ৪৮টি অতিথি কক্ষ থাকবে হোটেলটিতে। পুরো বিষয়টিকে সার্বিকভাবে তত্ত্বাবধান করছে পর্যটন প্রতিষ্ঠান হোশিনো রিসোর্ট।
নতুন হোটেলটি ২০২৪ সালেই খুলে দেয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্প সহনীয়ভাবে প্রস্তুত করা ও অন্যান্য জরুরি বিষয় বিবেচনা করে পেছানো হয়েছে তারিখ। ১৯০৮ সালে নারা কারাগারটি তৈরি করা হয়েছিল। ধারণক্ষমতা ছিল ৬৫০ জন। সে সময়ের মেইজি সরকারের স্থাপত্যগত আধুনিকায়নের নিদর্শন কারাগারটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে কিশোর সংশোধন কেন্দ্র হিসেবে। ২০১৭ সালে এটিকে দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করে জাপান সরকার।










