পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানিটির পরিচালনা পর্ষদের এ সভা গত ২৩ এপ্রিল হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পেনিনসুলা চিটাগংয়ের আয় ও মুনাফা দুটোই বেড়েছে। প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১৪ কোটি ৮৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৪ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৮ লাখ টাকার মতো বা ১ দশমিক ২৬ শতাংশ। এ সময় কোম্পানিটির পরিচালন-বহির্ভূত আয় বেড়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি। পাশাপাশি করহার ২৫ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৫ শতাংশ হওয়ায় আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। 

তথ্য অনুযায়ী, প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৫৮ লাখ টাকার মতো। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৬০ লাখ টাকার মতো বা ৫১ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯২ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। 

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পেনিনসুলা চিটাগং। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি  ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। এর মধ্যে ৪৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৯৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২০ শতাংশ ও সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে আজ পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৮ টাকা ৮০ পয়সা ও ৪৪ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৯১ দশমিক ৭১, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২৯ দশমিক ৩৮।