বিশ্বজুড়ে চলমান বিভিন্ন প্রতিবন্ধকতায় ধীর হয়েছে ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম। চলতি মাসে ইউরো মুদ্রা ব্যবহার করা ১৯ দেশের বেশির ভাগ অর্থনীতিতেই এ কার্যক্রমের গতি শ্লথ হয়েছে। একদিকে জীবনযাত্রার উচ্চব্যয় ভোক্তাদের ব্যয় করার সক্ষমতা কমিয়ে দিয়েছে। অন্যদিকে শিল্পোৎপাদন সম্প্রসারণকে বাধাগ্রস্ত করেছে কাঁচামালের ঘাটতি। যদিও এসব বাধা সত্ত্বেও দেশগুলোর অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

মে মাসের এসঅ্যান্ডপি গ্লোবালের ফ্ল্যাশ কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুসারে ইউরো অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। চলতি মাসে এ সূচক ৫৪ দশমিক ৯ পয়েন্টে নেমেছে, যা এপ্রিলে ৫৫ দশমিক ৮ পয়েন্টে ছিল। পাশাপাশি রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা পিএমআই ৫৫ দশমিক ৩ পয়েন্টের পূর্বাভাস দিয়েছিলেন। পিএমআই রিডিং ৫০ পয়েন্টের উপরে বৃদ্ধি এবং এর নিচে হলে সেটা ওই খাতের সংকোচন বোঝায়।

অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের জেসিকা হিন্ডস বলেন, মে মাসে ইউরো অঞ্চলে কম্পোজিট পিএমআইয়ের ছোট পতন থেকে বোঝা যায় যে, ব্যবসায়িক কার্যক্রম আমাদের আশঙ্কার চেয়ে শক্তিশালী রয়েছে। তবে উচ্চমূল্যস্ফীতির কারণে পরিষেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। এরই মধ্যে নতুন ক্রয়াদেশের পতন শিল্পসহ পুরো অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে।

চলতি মাসে পরিষেবা খাতের পিএমআই ৫৬ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। আগের মাসেও এ সূচক ৫৭ দশমিক ৫ পয়েন্টে ছিল। ক্রমবর্ধমান দাম ভোক্তাদের পরিষেবা ব্যয় অনেক কমিয়ে দিয়েছে। ফলে কমে গেছে এ খাতের চাহিদা। এ খাতের নতুন ব্যবসায়ের উপসূচক ৫৬ দশমিক ৬ থেকে কমে ৫৫ দশমিক ২ পয়েন্টে দাঁড়িয়েছে। যদিও চলতি মাসে পরিষেবা খাতে মানুষের আনাগোনা আগের মাসের তুলনায় বেড়েছে।

পরিষেবা খাতের টেকসই প্রত্যাবর্তন ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধিতে সহায়তা করেছে। যদিও ক্রমাগত দাম বাড়ার কারণে বাজারে অনিশ্চয়তা এবং সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা চাহিদার ওপর চাপ সৃষ্টি শুরু করেছে। ব্লকের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সের ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়েছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিল হলেও উচ্চমূল্যস্ফীতি প্রবৃদ্ধি শ্লথ করতে ভূমিকা রেখেছে। ইউরো অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে ব্রিটেনের অর্থনীতির গতি চলতি মাসে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মন্থর হয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ মন্দার উদ্বেগ তৈরি করেছে।

ইউরো অঞ্চলের শিল্পোৎপাদন খাতের ফ্ল্যাশ পিএমআই চলতি মাসে ৫৫ দশমিক ৫ থেকে ৫৪ দশমিক ৪ পয়েন্টে নেমেছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৫৪ দশমিক ৯ পয়েন্টের পূর্বাভাস দিয়েছিলেন। এ হার ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। তবে এ অঞ্চলের উৎপাদন খাতের পিএমআই আগের মাসের ৫০ দশমিক ৭ থেকে কিছুটা বেড়ে ৫১ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে।

চীনে নতুন করে কভিডজনিত লকডাউন ও ইউক্রেনে রুশ আগ্রাসন বৈশ্বিক সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা বাড়িয়ে তুলেছে। এ অবস্থায় ব্যয় বেড়েছে এবং কাঁচামালের ঘাটতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ইউরো অঞ্চলের শিল্পোৎপাদন খাতের ইনপুট ও আউটপুট ব্যয় উভয়ই উচ্চ রয়ে গেছে। উৎপাদকরা ক্রমবর্ধমান এ ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। চলতি মাসে উৎপাদন ব্যয়ের মূল্যসূচক এপ্রিলের রেকর্ড উচ্চ ৭৭ দশমিক ৩ পয়েন্ট থেকে কমে ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান আইএনজির বার্ট কলিজন বলেন, ইউরো অঞ্চলের ব্যবসায়িক প্রবৃদ্ধির পূর্বাভাস স্পষ্টতই খারাপ হচ্ছে। তবে এ জরিপ দেখিয়েছে, উচ্চমূল্যস্ফীতি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে এ অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম এখনো সংকোচনের মুখোমুখি হয়নি।