পুরো বছরের মুনাফা বাড়ার প্রত্যাশা করে নতুন পূর্বাভাস দিয়েছে রালফ লরেন করপোরেশন। বিলাসবহুল পোশাকের এ ব্র্যান্ডের সবচেয়ে বড় বাজার উত্তর আমেরিকা ও ইউরোপে। যে সময়ে মূল্যস্ফীতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান লাভ করতে পারেনি সেখানেও এ প্রতিষ্ঠান মুনাফার প্রত্যাশা করছে। খবর রয়টার্স।

রালফ লরেনের বেশি আয়ের গ্রাহকদের মধ্যে প্রয়োজনীয় পণ্যের বাড়তি মূল্য তেমন প্রভাব ফেলতে পারেনি। তাছাড়া এখন মানুষ আবার তাদের পুরনো রুটিনে ফিরছে, তাই তারা বাইরে বের হচ্ছে বেশি এবং সেখানে ফ্যাশন পণ্যও বেশি দরকার হচ্ছে।

রালফ লরেনের প্রধান আর্থিক কর্মকর্তা জানে নিলসন বলেন, আমাদের গ্রাহকরা খুবই স্থিতিস্থাপক। আয়ের পরিসংখ্যানে তারা উপরের দিকে থাকে এবং নভেল করোনাভাইরাস মহামারীর সময়ে তারা প্রমাণ করেছে যে, ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা রয়েছে। কারণ এ সময়েও আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ৫৫ বছরের পুরনো এ ব্র্যান্ডের পূর্বাভাস বলছে, রাজস্ব আয় সর্বোচ্চ একক ডিজিটে বাড়বে, যেখানে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির। তেমনটাই বলছে রেফিনিটিভ আইবিইএস।

রালফ লরেন বলছে, পণ্য পরিবহন ও পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংস্থাটির পণ্যের দামও বাড়াতে পারে। সেই হিসাবে ২০২৩ অর্থবছরে তুলনামূলক ৩০-৫০ বেসিস পয়েন্ট মুনাফা বাড়তে পারে।

বেশি মূল্যছাড় দেয়া প্রতিষ্ঠানও এ সময়ে লাভ হ্রাস পেতে দেখেছে। ওয়ালমার্ট, টার্গেট ও কোহলকেও মুনাফার প্রত্যাশা কমাতে দেখা গেছে। সেখানে রালফ লরেনের পূর্বাভাসেই ভিন্ন চিত্র দেখা গেল।