মার্চে ভারতের সূর্যমুখী তেল আমদানি বেড়েছে। ভারত যে পরিমাণ সূর্যমুখী তেল আমদানি করে তার ৯০ শতাংশই আসে ইউক্রেন ও রাশিয়া থেকে। এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি সরবরাহ করে। কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে সূর্যমুখী তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে যুদ্ধ শুরুর আগেই ইউক্রেন ছেড়ে আসা সূর্যমুখী তেলবাহী কিছু জাহাজ গত মাসে ভারতের বন্দরে পৌঁছায়। গত মাসের আমদানি হিসেবে যুক্ত হয়েছে এসব তেল। এ কারণেই ফেব্রুয়ারির তুলনায় মার্চে আমদানি বেড়ে যায়।
সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক বিবৃতিতে জানায়, মার্চে ভারতের সূর্যমুখী তেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৪৮৪ টনে। এর আগের মাসে দেশটি ১ লাখ ৫২ হাজার ২২০ টন সূর্যমুখী তেল আমদানি করেছিল।
তবে এপ্রিলে ইউক্রেন থেকে কোনো জাহাজ ভারতে আসেনি। কারণ কৃষ্ণ সাগরে অবস্থিত দেশটির সব বন্দরের কার্যক্রম যুদ্ধের কারণে বন্ধ। এ কারণে চলতি মাসে ভারতের সূর্যমুখী তেল আমদানি কমে ৮০ হাজার টনে নামতে পারে। মূলত রাশিয়া ও আর্জেন্টিনা থেকে এসব তেল আসবে।
এদিকে ভারত ৪৫ হাজার টন সূর্যমুখী তেল আমদানির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। রেকর্ড সর্বোচ্চ দামে এসব তেল কেনা হয়েছে। চলতি মাসেই সূর্যমুখী তেল নিয়ে রুশ জাহাজ ভারতের বন্দরে নোঙর করবে। ইউক্রেনিয়ান সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বাজারে সূর্যমুখী তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।










