যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফাস্টফুড কর্মীদের প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি ২০ ডলারে উন্নীত করা হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসম স্বাক্ষরিত নতুন বিলের অধীনে এ সিদ্ধান্ত নেয়া হয়। মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কর্মক্ষেত্রের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
শ্রম পরিসংখ্যান ব্যুরো অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে মাঝারি মানের একজন ফাস্টফুড কর্মীর প্রতি ঘণ্টায় উপার্জন ছিল ১৩ ডলার ৪৩ সেন্ট। সে সময় ক্যালিফোর্নিয়ার কর্মীরা প্রতি ঘণ্টায় গড়ে ১৬ ডলার ৬০ সেন্ট উপার্জন করেছে। আগামী বছর এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর বার্ষিক বেতন ৪১ হাজার ৬০০ ডলার হবে।
ক্যালিফোর্নিয়ায় ৩০ হাজার রেস্তোরাঁয় ৫ লাখ ৫০ হাজারেরও বেশি ফাস্টফুড কর্মী কাজ করছেন। তাদের মধ্যে আবার ৮০ শতাংশই সংখ্যালঘু ও দুই-তৃতীয়াংশ নারী।
মজুরি বৃদ্ধির পাশাপাশি বিলটিতে একটি ফাস্টফুড কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের প্রতিনিধিরা থাকবেন। শ্রমিক নেতারা এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
ক্যালিফোর্নিয়ার সামগ্রিক খাতে গড়ে ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় ১৫ ডলার ৫০ সেন্ট। বিপরীতে ফেডারেল ন্যূনতম মজুরি ২০০৯ সাল থেকে ঘণ্টাপ্রতি ৭ ডলার ২৫ সেন্ট রয়ে গেছে।










