কাঁচামাল আমদানি করতে ঋণপত্র খোলার সুবিধার্থে মূল কোম্পানি জি অ্যান্ড এন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেডের সঙ্গে একটি ঋণচুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এ চুক্তির আওতায় মূল কোম্পানির কাছ থেকে ক্রয়সংক্রান্ত প্রয়োজনে বিভিন্ন সময়ে ৬ কোটি ডলার ঋণ নেবে বার্জার পেইন্টস। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি চাইবে তালিকাভুক্ত কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বার্জার পেইন্টস। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬৫৬ কোটি ২৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ৬২৯ কোটি ৩৪ লাখ টাকার সমন্বিত আয় হয়েছিল। আলোচ্য প্রান্তিকে উৎপাদন খাতে ৪৭৮ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে কোম্পানিটির। আগের হিসাব বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ৪১৫ কোটি ৫১ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে কোম্পানিটির। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ৮১ কোটি ২৪ লাখ টাকায়। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৭৩, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৫২ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৮ টাকা ৯১ পয়সায়।