বিলাসবহুল আবাসন খাতে চতুর্থ শীর্ষ বাজারে পরিণত হয়েছে দুবাই। দুবাইয়ের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে প্রাইম প্রপার্টি বিক্রির হারও। বৈশ্বিক প্রপার্টি পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্ক সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। দুবাই মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটন হাব। গত বছর সেখানে ১ কোটি ডলারের বেশি দামের বাড়ি বিক্রি হয়েছে ২১৯টি। এক্ষেত্রে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ডলার। বিলাসবহুল বাড়ি বিক্রির ক্ষেত্রে প্রথম অবস্থানে নিউইয়র্ক। এ শহরে গত বছর বিক্রি হয়েছে এ ধরনের ২৪৪টি বাড়ি। ২২৫টি বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্থানে লস অ্যাঞ্জেলেস ও ২২৩ বাড়ি বিক্রির মাধ্যমে তৃতীয় স্থানে লন্ডনের অবস্থান। অন্যদিকে আড়াই কোটি ডলারের বেশি দামের বাড়ি বিক্রির দিক থেকে পঞ্চম শীর্ষস্থান দখলে রয়েছে দুবাইয়ের। বিশ্বের অন্যান্য ব্যয়বহুল শহরের তুলনায় দুবাইয়ে বাড়ির দাম তুলনামূলক সাশ্রয়ী, যা শহরটিকে বিভিন্ন প্রান্তের অভিজাতদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। দ্য ন্যাশনাল নিউজ