ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (আইআরবিএ) কমিটির মূল্যায়নে ‘আইআরবিএ ট্রান্সফরমেশন লিডার ইন বাংলাদেশ ২০২৫’ সম্মাননা পেয়েছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকিং অঙ্গনে রূপান্তরমূলক পরিবর্তন আনার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন।
বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণ করে এবং ইসলামিক রিটেইল ব্যাংকিংয়ের উন্নয়ন, প্রবৃদ্ধি ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয় কেমব্রিজ আইএফএ।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী বলেন, ‘এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেবার মানোন্নয়নে যে যৌথ প্রচেষ্টা আমাদের টিম চালিয়ে যাচ্ছে, এ সম্মান সেই প্রচেষ্টারই স্বীকৃতি। ভবিষ্যতেও উদ্ভাবন, নৈতিক ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’ —বিজ্ঞপ্তি










