৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ১১ আগস্ট সকাল ১১টায় ভার্চুয়ালের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ জুন।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ওয়ান ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮২ পয়সা (পুনর্মূল্যয়িত)। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ওয়ান ব্যাংক লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। এছাড়া তার আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ সালে মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। এর মধ্যে ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।










