এশিয়ার তৃতীয় বৃহৎ কফি রফতানিকারক দেশ ভারত। দেশটি বিদায়ী বছর চার লাখ টন কফি রফতানি করেছে, ২০২১ সালের তুলনায় যা ১ দশমিক ৬৬ শতাংশ বেশি। ওই বছর রফতানির পরিমাণ ছিল ৩ দশমিক ৯৩ লাখ টন। সম্প্রতি দেশটির কফি বোর্ড এসব তথ্য জানিয়েছে।
২০২২ সালে পানীয় পণ্যটি রফতানি বাবদ ভারত ৮ হাজার ৭৬২ দশমিক ৪৭ কোটি রুপি আয় করে। ২০২১ সালে আয়ের পরিমাণ ছিল ৬ হাজার ৯৮৪ দশমিক ৬৭ কোটি রুপি।
ইনস্ট্যান্ট কফির পাশাপাশি ভারত রোবাস্তা ও অ্যারাবিকা কফি রফতানি করে। কফি বোর্ডের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২২ সালে রোবাস্তা কফির রফতানি সামান্য কমে ২ লাখ ২০ হাজার ৯৭৪ টনে নেমেছে। একইভাবে অ্যারাবিকা কফি রফতানির পরিমাণ ৫০ হাজার ২৯২ টন থেকে ১১ দশমিক ৪৩ শতাংশ কমে দাঁড়ায় ৪৪ হাজার ৫৪২ টনে। তবে আগের বছরের ২৯ হাজার ৮১৯ টনের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ২০২২ সালে ভারতের ইনস্ট্যান্ট কফি রফতানির পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ৮১০ টনে।
ভারতের কফি রফতানির অন্যতম গন্তব্য ইতালি, জার্মানি ও রাশিয়া। দেশটির কয়েকটি প্রধান রফতানিকারক কোম্পানি হলো সিসিএল প্রডাক্টস ইন্ডিয়া, টাটা কফি, আইটিসি লিমিটেড, ওলাম এগ্রো, বিদ্যা হার্বস ও সুকডেন কফি ইন্ডিয়া।










