ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটো। স্থানীয় শিল্প ও স্বাস্থ্যখাত এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে গতকাল শুক্রবারের (১৩ অক্টোবর) এ সফর বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। 

স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর অঞ্জন কুমার দাসের উষ্ণ অভ্যর্থনা দিয়ে প্রেসিডেন্ট রুটোর সফর শুরু হয়। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন একদল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুসান ওয়াফুলা নাখুমিচা, শিল্প বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী রেবেকা মিয়ান, চিকিৎসাসেবা মন্ত্রণালয়ের সচিব হেরি কিমটাই, সংসদ সদস্য এলিজাবেথ কাইলেমিয়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের পরিচালক ড. ইরুকি কাইলেমিয়া, চিফ ফার্মাসিস্ট ড. মারেতে এনজোকা এবং কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ।

কেনিয়ায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য প্রতিষ্ঠানের কারখানা স্থাপনের মাধ্যমে পূর্ব আফ্রিকার প্রায় চার কোটি মানুষ সেবা পাচ্ছে। প্রসঙ্গটি উল্লেখ করে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট রুটো।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেডের অত্যাধুনিক কারখানা ঘুরে দেখেন তিনি। এ সময় কর্মীদের নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উৎপাদন সংক্রান্ত পানি, বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ হয় সে ব্যাপারে উপস্থিত মন্ত্রী পরিষদ সদস্যদের নির্দেশ দেন প্রেসিডেন্ট।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পূর্ব আফ্রিকাতে রফতানিতে যে সব সাহায্য প্রয়োজন তার দিকে খেয়াল রাখতেও মন্ত্রী পরিষদকে নির্দেশ দেন প্রেসিডেন্ট রুটো।

২০১৮ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড প্রতিষ্ঠার কাজ শুরু করে। কভিডের কারণে নির্মাণকাজের গতি কমে গেলেও পরে খুব দ্রুত নির্মাণ শেষ হয়। ২০২১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যাক্টরির কার্যক্রম শুরু হয়। এখান থেকে উৎপাদিত ঔষধ আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়। - সংবাদ বিজ্ঞপ্তি