জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬৩ শতাংশ কমেছে। অন্যদিকে, শীর্ষ সরবরাহকারী দেশ ব্রাজিল থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ। মূলত বাম্পার ফলন ও আকর্ষণীয় দামের কারণে লাতিন আমেরিকার দেশটি থেকে আমদানি বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক। যুক্তরাষ্ট্র থেকে জুলাইয়ে দেশটি ১ লাখ ৪২ হাজার ১৫০ টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল ৩ লাখ ৮১ হাজার ৫৬৮ টন। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র চীনের দ্বিতীয় শীর্ষ সয়াবিন সরবরাহকারী দেশ। চলতি বছরের প্রথম সাত মাসে চীন যে পরিমাণ সয়াবিন আমদানি করেছে, তার ৩১ দশমিক ৯ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। জানুয়ারি-জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র চীনের বাজারে ১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টন সয়াবিন রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, গত মাসে ব্রাজিল থেকে ৯২ লাখ ৩০ হাজার টন সয়াবিন আমদানি করে চীন। দেশটি থেকে আমদানি ৩২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্রাজিলে বর্তমানে সয়াবিনের দাম অন্যান্য রফতানিকারক দেশগুলোর তুলনায় কম। এ সুবিধা নিতেই দেশটি থেকে গত মাসে বেশি পরিমাণে আমদানি করে চীন।
চলতি বছরের প্রথম সাত মাসে চীন ব্রাজিল থেকে ৩ কোটি ৮৯ লাখ টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত চীন যে পরিমাণ সয়াবিন আমদানি করেছে, তার ৬২ দশমিক ৪ শতাংশই এসেছে ব্রাজিল থেকে।
এদিকে, জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে চীনের ভুট্টা আমদানি ৪২ দশমিক ৪ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৭১ হাজার ৭৩৩ টনে। অন্যদিকে, দ্বিতীয় শীর্ষ সরবরাহকারী দেশ ইউক্রেন থেকে আমদানি করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৮৮ টন।
বুলগেরিয়া থেকে দেশটি ১ লাখ ৯৬ হাজার ৮২৮ টন ভুট্টা আমদানি করে। এর মধ্য দিয়ে দেশটি চীনের তৃতীয় শীর্ষ ভুট্টা সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিল থেকে আমদানি করা হয়েছে ৫৭ হাজার ৭৫০ টন।










