সেমিকন্ডাক্টর জগতের এক সময়ের শীর্ষ কোম্পানি ইন্টেল নিজেদের হারানো স্থান ফিরে পেতে এক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি এখন থেকে নিজস্ব ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ উৎপাদন শুরু করবে। চলতি সপ্তাহে সিসকো এআই সামিটে ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপ-বু টান এ কথা জানান। খবর টেকক্রাঞ্চ।

এআই মডেল প্রশিক্ষণ ও গেমিংয়ের মতো জটিল কাজের জন্য জিপিইউ অনেক বেশি কার্যকর। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে চিপ জায়ান্ট এনভিডিয়ার তৈরি জিপিইউর চাহিদা আকাশচুম্বী। আর এনভিডিয়ার এই একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই ইন্টেল নতুন ধরনের চিপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইন্টেলের জিপিইউ তৈরির প্রকল্পটি তদারকি করবেন কোম্পানির ডাটা সেন্টার গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার কেভর্ক কেচিচিয়ান।

প্রকৌশলনির্ভর কর্মী বাহিনী তৈরির পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বরে কেচিচিয়ানকে নিয়োগ দেয় ইন্টেল। তিনি মূলত উচ্চপদস্থ প্রকৌশলী এবং কারিগরি বিশেষজ্ঞদের একটি বিশাল দলের নেতৃত্ব দিচ্ছেন।

ইন্টেলের এ নতুন যাত্রাকে সফল করতে জানুয়ারিতে যুক্ত হয়েছেন চিপ জগতের কিংবদন্তি প্রকৌশলী এরিক ডেমার্স। তিনি ইন্টেলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন।

তবে ইন্টেলের উচ্চাভিলাষী উদ্যোগটি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিইও লিপ-বু টান স্পষ্ট বলছেন, ‘কোম্পানিটি হুট করে কোনো পণ্য বাজারে ছাড়তে চায় না। বরং ক্রেতাদের (যেমন বড় টেক কোম্পানিগুলো) চাহিদা ও প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ কৌশল বা “স্ট্র্যাটেজি” সাজানো হচ্ছে।’

এনভিডিয়া প্রথম ১৯৯৯ সালে ‘জিপিইউ’ শব্দটি জনপ্রিয় করে তোলে। বর্তমানের এআই সিস্টেমে কোম্পানির তৈরি চিপ এতটাই উন্নত ও জনপ্রিয় যে খাতটির প্রায় ৮০-৯২ শতাংশ বাজার হিস্যা এখন এনভিডিয়ার দখলে।