চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনামের কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার টনে। একই সময় পণ্যটি রফতানি থেকে আয় বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ডলার। দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনাম কফি-কোকো অ্যাসোসিয়েশন (ভিকোফা) সংশ্লিষ্টরা জানান, চলতি বছর দেশটির কফির দাম ক্রমেই বাড়ছে। ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি দাম বাড়াতে সহায়তা করছে। এর ফলে রফতানিকারকরা মজুদ তৈরি থেকে বিরত থাকছেন। বিশ্ববাজারে পণ্যটির দামে অস্থিতিশীলতার কারণে ফিউচারস মার্কেটে বিক্রির ক্ষেত্রেও তাদের মধ্যে অনীহা কাজ করছে। এছাড়া দেশটির কৃষকরাও কফি বিন বিক্রির ক্ষেত্রে তাড়াহুড়া করছেন না। এর ফলে সরবরাহ কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। 

ভিয়েতনাম গত বছর সব মিলিয়ে ১৭ লাখ টন কফি রফতানি করে। রফতানি থেকে আয় আসে ৩৯০ কোটি ডলার, যা রেকর্ড সর্বোচ্চ। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির প্রায় ৭ লাখ ১০ হাজার হেক্টর জমিতে কফি চাষ হয়। মোট উৎপাদনের ৯০ শতাংশই আসে সেন্ট্রাল হাইল্যান্ড থেকে।