ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে ‘ভালেবাসায় বাড়ানো হাত’ শীর্ষক বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক ও ‘ভালোবাসায় বাড়ানো হাত’-এর লেখক মতিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।

প্রতিযোগিতায় ইউআইইউর ইংরেজি বিভাগ, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) বিভাগ এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু নিয়ে তাদের সমালোচনামূলক বিশ্লেষণ, নিজস্ব উপলব্ধি ও সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরেন।

প্রধান আলোচক দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইটির বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরেন এবং বইটি লেখার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ শুধু জ্ঞান অর্জন করে না, বরং সমাজ, মানুষ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পায়। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বিকাশে বই পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মানিত অতিথি অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠ-পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তিনি আরো বলেন, নিয়মিত বই পড়া তরুণদের জ্ঞান ও চিন্তার পরিধি বিস্তৃত এবং মননশীলতা বিকাশে সহায়তা করে।

সভাপতির ব্যক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং সমাজ ও জীবনকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। শিক্ষাথীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বই পর্যালোচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্র মিয়াজী হোসাইন আবরার, পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, দ্বিতীয় হয়েছেন একই বিভাগের ছাত্রী ফারহানা ফাইজা জিম, পুরস্কার হিসেবে একটি মনিটর এবং তৃতীয় পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) বিভাগের মাশরাফি কামাল শাফিকে একটি হেডফোন দেয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন এক সেট বই ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে গীতিকার ও সুরকার কবির বকুল, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও সিইও শামীম হুসাইন, অনলাইন বুকশপ প্রথমা ডটকমার ইনচার্জ রাসেল রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগী হিসাবে ছিল প্রথমা ডটকম ও স্কিলআপার।— সংবাদ বিজ্ঞপ্তি