এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি রিসোর্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘বিগত বছর ব্যাংক খাতে নানা চ্যালেঞ্জ বিদ্যমান থাকলেও এনসিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে, যা প্রশংসার দাবিদার।’
তিনি আরো বলেন, ‘ব্যাংকের ব্যবসার পরিধি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকসেবার মান আরো উন্নত করতে হবে। পাশাপাশি নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করে ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে হবে।’
স্বাগত বক্তব্যে এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির মধ্যেও এনসিসি ব্যাংক গত বছরে ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ব্যাংকের ঋণ ও বিনিয়োগ, আমানত, আমদানি-রফতানি বাণিজ্য এবং নন-পারফরমিং লোন আদায়সহ ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সঙ্গে তহবিল সংগ্রহ ব্যয় হ্রাস পেয়েছে ও সম্পদের গুণগতমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ব্যাংকের বটম লাইনসহ সার্বিক আর্থিক অবস্থাকে মজবুত করেছে।’ এ সময় তিনি চলতি বছরে টেকসই প্রবৃদ্ধি অর্জনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।










