যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বর্তমানে তার সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তার এ মন্তব্যের পর পরই জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধি ঘটেছে।
আমেরিকা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যমতে, পেট্রল পাম্পগুলোয় জ্বালানিটির গড় দাম গ্যালনপ্রতি ৪ ডলার ৩৭ সেন্টে উন্নীত হয়েছে। এর মধ্য দিয়ে পণ্যটির দাম গত ১১ মার্চের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই সময় প্রতি গ্যালনের দাম ছিল ৪ ডলার ৩৩ সেন্ট। গত বছর দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ২ ডলার ৯৭ সেন্ট।
লিপো অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক অ্যান্ডজ লিপো বলেন, পেট্রল ও ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় আরোহণ করেছে। দাম বেড়ে যাওয়ার পেছনে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি ভূমিকা পালন করেছে।
জ্বালানি পণ্যের বাজার গবেষণামূলক ওয়েবসাইট গ্যাসবাডিজের বিশ্লেষক প্যাট্রিক ডিহান বলেন, আমেরিকানরা এর আগে কখনো পেট্রলের এমন মূল্যবৃদ্ধি দেখেনি। দাম সহসাই কমার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।










