দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে অবনতির কারণে স্নায়ুচাপে ভুগছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। এতে আতঙ্কিত বিনিয়োগকারীদের মধ্যে প্রতিদিনই শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গতকালও দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেয়ার বিক্রির চাপে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল সূচকের পতন হলেও দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের সামষ্টিক অর্থনীতির বেশকিছু সূচক চাপে থাকার বিষয়টি বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছে। এর মধ্যে গ্যাসস্বল্পতার কারণে বিদ্যুৎ ঘাটতি, মুদ্রাস্ফীতির চাপ, টাকার অবমূল্যায়নের মতো বিষয়টি বিনিয়োগকারীদের স্নায়ুর চাপে ফেলে দিয়েছে। ফলে যখনই সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে উঠছে তখনই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। ক্রেতা সংকটের কারণে এ প্রবণতার মাত্রা আরো তীব্র হয়ে উঠছে। এতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গতকাল দিন শেষে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ১৬ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। কিন্তু এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে দরপতন হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ১৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৫ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৪৬ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের।

ডিএসইতে গতকাল ৬৭৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ৬৬৫ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২১৯টির আর অপরিবর্তিত ছিল ৪৭টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ১ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৮ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৭ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৮০১ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৬২ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৩০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর। গতকাল সিএসইতে ১৭ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি ৪০  লাখ টাকা।