দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে কেজিপ্রতি দাম কমেছে ২-৩ টাকা। দুর্গা পূজার সময় সপ্তাহব্যাপী বন্দর বন্ধ থাকবে। এ সময় দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৬১টি ট্রাকে ১ হাজার ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে অভ্যন্তরীণ পাইকারি পর্যায়ে দাম নিম্নমুখী হয়েছে।

স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে দাম আগের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে। একদিন আগে বন্দরে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ৫০-৫১ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল তা কমে ৪৮-৪৯ টাকায় নেমেছে। আর কেজিপ্রতি ৫৮-৬০ টাকা থেকে নাসিক জাতের পেঁয়াজের দর কমেছে ১-২ টাকা।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন, ‘‌গত সপ্তাহে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। ইন্দোর জাতের পেঁয়াজের দাম ৫৭-৫৮ টাকায় আর নাসিক জাতের দাম ৬৩ টাকায় উঠে গিয়েছিল। বেশি দামের কারণে বেশি পুঁজির প্রয়োজন হয়। আবার ক্রেতারাও দাম বাড়লে পরিমাণে কম কেনেন। এতে আমাদের লাভের পরিমাণ কমে যায়।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, ‘‌কিছুদিন আগে টানা বৃষ্টিপাতের কারণে ট্রাকে পণ্য লোড করতে অসুবিধা হচ্ছিল। ভারতে অনেক স্থানে বন্যা ও বৃষ্টির কারণে উৎপাদনও বন্ধ ছিল। এসব কারণে ভারতেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আবার পূজার কারণে রাস্তায় প্রতিমা বানানোর কাজ চলছে। নানা জায়গায় ট্রাক থামিয়ে পূজার চাঁদা দিতে হচ্ছে। এসব কারণে আমদানি খরচ বেড়ে গেছে। তাই দেশের বাজারেও গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯-২৫ অক্টোবর সাতদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। একইভাবে দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ সময় দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে এখন থেকেই মজুদ বাড়াচ্ছেন আমদানিকারকরা। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বণিক বার্তাকে বলেন, ‘‌বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে সপ্তাহের প্রথম দিকের তুলনায় শেষের দিকে আমদানি খানিকটা বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ৬১টি ট্রাকে ১ হাজার ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আগের দিন ৩৯টি ট্রাকে ১ হাজার ১৫৮ টন, মঙ্গলবার ৪০টি ট্রাকে ১ হাজার ১৮১, সোমবার ৩৮টি ট্রাকে ১ হাজার ১৪৯, রবিবার ৪২টি ট্রাকে ১ হাজার ২৪১ ও গত সপ্তাহের শনিবার ৫২টি ট্রাকে ১ হাজার ৫৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।’ সপ্তাহজুড়ে আমদানি বাড়ায় বন্দরটিতে দাম কমেছে ভোগ্যপণ্যটির।