সেমস-গ্লোবালের আয়োজনে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) চারদিনের এ প্রদর্শনী চলবে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

এবার একই ছাদের নিচে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এগুলো হলো ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬–সামার এডিশন এবং ৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো।

রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন ইসলাম প্রদর্শনীগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এসএস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস ছিলেন।

মেহেরুন এন ইসলাম বলেন, ‘এসব প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। দেশী-বিদেশী ক্রেতা, সরবরাহকারী ও ব্যবসায়ীদের একই প্লাটফর্মে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় বাণিজ্য সম্প্রসারণে এর অনেক বড় ভূমিকা রয়েছে।’

আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিশ্বের ৩৭ দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের জন্য ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন থাকবে। এ আয়োজনে প্রায় ১৬ হাজার ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি, মেশিনারি, কেমিক্যাল, ইয়ার্ন, ফ্যাব্রিক, অ্যাকসেসরিজ, ডায়িং ও ফিনিশিং প্রযুক্তিসহ নতুন নতুন প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হবে। পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে ডিজিটাল ট্রান্সফরমেশন, ইন্টারনেট অব থিংস (আইওটি), অটোমেশন, ক্লাউড সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মেশিনারিজসহ আধুনিক প্রযুক্তি ও শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের মতে, গত ২৫ বছরে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা, পণ্য বৈচিত্র্য ও আন্তর্জাতিক মানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ধারাবাহিকতায় টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস দেশের উৎপাদন শিল্প ও বৈশ্বিক টেক্সটাইল সরবরাহ ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করছে।