যুক্তরাষ্ট্রে পরিশোধন কার্যক্রম ও রফতানি বাড়ায় গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ লক্ষ্যণীয় মাত্রায় কমেছে। তবে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেড়ে তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
তথ্য বলছে, গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৫৯ লাখ ৬০ হাজার ব্যারেল করে বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯৭ লাখ ব্যারেল। তবে এর আগে রয়টার্সের এক জরিপে মজুদ ২৩ লাখ ব্যারেল করে কমার আভাস দেয়া হয়েছিল।
পরিশোধন কেন্দ্রগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন দৈনিক ১ লাখ ৬৭ হাজার ব্যারেল করে বেড়েছে। পরিশোধনের পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ব্যারেলে, যা ২০২০ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। রিফাইনারি ইউটিলাইজেশন রেট দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
প্রাইস ফিউচারস গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লেইন বলেন, ‘পরিশোধন কেন্দ্রগুলো বর্তমানে চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। শুধু স্থানীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজার থেকেও ব্যাপক চাহিদা আসছে। ফলে অব্যাহত কমছে জ্বালানি তেলের মজুদ।’
অন্যদিক ঊর্ধ্বমুখী জ্বালানি তেল রফতানিও মজুদ কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। গত সপ্তাহে দেশটির রফতানি দৈনিক ২২ লাখ ব্যারেল করে বেড়েছে। ২০২২ সালের আগস্টের এটিই সর্বোচ্চ রফতানি। ফলে দেশটির নিট জ্বালানি তেল আমদানি দৈনিক ১৭ লাখ ৬০ হাজার ব্যারেল কমেছে।
দেশটির ওকলাহোমা রাজ্যের কুসিং ডেলিভারি হারে গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ৮ লাখ ৩৭ হাজার ব্যারেল করে কমেছে। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়া সত্ত্বেও দেশটিতে মজুদ কমছে। দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ব্যারেলে, যা ২০২০ সালের মার্চের পর সর্বোচ্চ।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী মাসে শেল অয়েল (পাথুরে খাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো উত্তোলন কমতে যাচ্ছে।
ইআইএ জানায়, চলতি মাসে যুক্তরাষ্ট্রে দৈনিক ৯৪ লাখ ৩৫ হাজার ব্যারেল শেল অয়েল উৎপাদন হতে পারে। আগামী মাসে তা কমে দৈনিক ৯৪ লাখ ১৫ হাজার টনে নামার আশঙ্কা রয়েছে।
এর আগে এক প্রতিবেদেনে সংস্থাটি জানায়, আগামী মাসে কমলেও বছরজুড়ে সক্ষমতার চেয়েও বেশি উত্তোলন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে দৈনিক গড় জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ২৮ লাখ ব্যারেলে। ঊর্ধ্বমুখী দামের কারণে উত্তোলন বাড়াতে আগ্রহী হয়েছে উঠেছে কোম্পানিগুলো।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত বছরের তুলনায় দৈনিক ৮ লাখ ৫০ হাজার ব্যারেল বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে উত্তোলন রেকর্ড স্পর্শ করতে পারে। উত্তোলনের পরিমাণ দৈনিক ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার ব্যারেলে পৌঁছার সম্ভাবনা রয়েছে। ইআইএর দেয়া তথ্যানুযায়ী, আগামী বছর দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ৩ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ব্যারেলে।










