গত মার্চে ভারতের স্বর্ণ আমদানি পূর্ববর্তী বছরের একই মাসের চেয়ে রেকর্ড ৪৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টন। সরকারি এক সূত্র সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

আমদানি শুল্ক হ্রাস ও স্বর্ণের দাম কমায় খুচরা বিক্রি রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। স্বর্ণ আমদানি বৃদ্ধিতে ভারতের বাণিজ্য ঘাটতি বাড়তে পারে এবং রুপির মানে পতন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৩২১ টন স্বর্ণ আমদানি করেছে ভারত। গত বছরের একই প্রান্তিকে আমদানি হয়েছিল ১২৪ টন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো বলছে, গত মার্চে ৮৪০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করেছে ভারত, এর আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ১২৩ কোটি ডলার।

খুচরা চাহিদা চাঙ্গা ও অবৈধ স্বর্ণ পাচার ঠেকাতে গত ফেব্রুয়ারিতে আমদানি শুল্ক ১২ দশমিক ৫ থেকে কমিয়ে ১০ দশমিক ৭৫ শতাংশ করা হয়। খুচরা চাহিদা চাঙ্গা হওয়ায় গহনা ব্যবসায়ীরা স্বর্ণের মজুদ বাড়িয়েছেন।

নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং সরকারের ফের লকডাউন পরিকল্পনায় চলতি মাসে স্বর্ণ আমদানি ১০০ টনের নিচে নেমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার ভারতে ৭২ হাজার ৩৩০ জনের করোনা আক্রান্তের তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, গত ১১ অক্টোবরের পর যা সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।