যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল কোম্পানি ও পরিশোধনাগারগুলো ২০২৪ সালে আরো একটি চ্যালেঞ্জিং বছর পার করতে যাচ্ছে। সম্প্রতি এমন পূর্বাভাস জানিয়েছে ব্যাংক অব আমেরিকা (বিওএফএ)। ব্যাংকটির বিশ্লেষকদের প্রত্যাশা, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় দাম থাকবে ব্যারেলপ্রতি ৮০ ডলার। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের জোট ওপেক প্লাস বর্তমানে বিশ্বব্যাপী মোট সরবরাহের প্রায় ৬ শতাংশ বা দৈনিক প্রায় ৬০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানো অব্যাহত রেখেছে।

বিওএফএর বিশ্লেষকরা বলছেন, ‘ভূরাজনৈতিক অস্থিরতা ও ওপেকের সরবরাহ কমানোর নীতির প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বজায় থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জ্বালানি তেল উত্তোলন কমানো নিয়ে সৌদি আরবের নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। এ বছর বিনিয়োগকারীদের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ। ওপেক জোটের বাইরে থাকা দেশগুলো উত্তোলন বাড়ানো সত্ত্বেও অনিশ্চিত চাহিদার কারণে আগামী ১২ মাসে ব্রেন্টের দাম ৭০-৯০ ডলারের মধ্যে থাকতে পারে।

গত বছর ভূরাজনৈতিক অস্থিরতা ও বিশ্বজুড়ে শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারীদের উত্তোলনের মাত্রা নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে কেটেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক মন্দা দশা চলায় জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি সীমিত ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদহার ঘোষণা করে। এর প্রভাবে ভাটা পড়ে অর্থনীতিতে। এসব কারণে ২০২৩ সালে জ্বালানি তেলের গড় দাম আগের বছরের তুলনায় ১০ শতাংশ কমেছে।