২০২১-২২ বিপণন মৌসুমে বিশ্ববাজারে ৩১ লাখ ব্যাগ কফির ঘাটতি দেখা দিতে পারে। কারণ এবার বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে কফির খুব স্বল্প ফলন হয়েছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন (আইসিও) সম্প্রতি মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কফির ব্যবহার ও আমদানি কমে গেছে। বিপরীতে বেড়েছে উৎপাদন ব্যয়। যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা পানীয় পণ্যটির বাজার ভারসাম্য ধরে রাখার জন্য কঠিন হয়ে পড়েছে।

আইসিও জানায়, ২০২১-২২ মৌসুমে কফির বৈশ্বিক উৎপাদন ১৬ কোটি ৭২ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) উন্নীত হতে পারে। এক বছরের ব্যবধানে উৎপাদন ২ দশমিক ১ শতাংশ কমবে। অন্যদিকে ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ১৭ কোটি ৩ লাখ ব্যাগে। এক বছরের ব্যবধানে ব্যবহার ২ দশমিক ৩ শতাংশ বাড়বে।

সংস্থাটি আরো জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রিন কফির বৈশ্বিক রফতানি ৯৮ লাখ ৮০ হাজার ব্যাগে নেমেছে। অথচ এক বছর আগেও একই মাসে রফতানি হয়েছিল ১ কোটি ২ লাখ ৪০ হাজার ব্যাগ। কফি বর্ষের প্রথম পাঁচ মাসে রফতানি করা হয়েছে ৪ কোটি ৭১ লাখ ৮০ হাজার ব্যাগ। এক বছরের ব্যবধানে রফতানি ৩ শতাংশ কমেছে। ব্রাজিল কোনোভাবেই কনটেইনার সংকট কাটিয়ে উঠতে পারছে না। সম্প্রতি এ সংকট কিছু কমেছে।