রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি
মাহবুবুল আলম।
শুক্রবার (১ মার্চ) অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি
গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মাহবুবুল
আলম। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি
হয়েছে বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড
সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব), এফবিসিসিআই ফায়ার সেফটি কাউন্সিলসহ সংশ্লিষ্টদের
নির্দেশনা দিয়েছেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার
কথাও জানিয়েছেন তিনি।
এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক
ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিসসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ এবং
কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।










