যুক্তরাজ্য ব্রেক্সিট নীতিতে সম্প্রতি নতুন কিছু ধারা সংযোজন করা হয়েছে। এ অনুযায়ী স্কিলড ওয়ার্ক ভিসার আওতায় ন্যূনতম বেতনের পরিধি বাড়ানো হয়েছে। কর্মীদের ন্যূনতম বেতন ২৬ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ড ধরা হয়েছে, যা লন্ডনের অনেক রেস্তোরাঁয় কাজ করা কর্মীদের উপার্জনের তুলনায় অনেক বেশি। কর্মসংস্থানবিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর অনুসারে, ২০২৪ সালে লন্ডনের কর্মীদের গড় মজুরি ২৮ হাজার পাউন্ড, যা নতুন নীতিতে উল্লিখিত মজুরির চেয়ে অনেক কম। ইমানুয়েলা রেকিয়া প্রায় এক দশক ধরে লন্ডনে বসবাস করছেন। অনেক কম বয়সে ইতালির নেপলস শহর ছেড়ে যুক্তরাজ্যে আসেন তিনি। ২৭ বছর বয়সী এ নারী জানান, যুক্তরাজ্যের আতিথেয়তা শিল্পে কাজ করছেন হাজার হাজার ইতালীয়। অন্য সবার মতো তিনিও মনে করেন, ব্রেক্সিট-পরবর্তী নিয়মের সর্বশেষ দফায় দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গত সপ্তাহে ইতালির সংবাদমাধ্যম জানায়, নতুন নিয়মের কারণে অনেক ভিসাপ্রত্যাশীই ওয়েটার হিসেবে লন্ডনে আসতে পারবেন না। খবর ও ছবি দ্য গার্ডিয়ান