অবকাঠামো উন্নয়নে ব্যয় বাড়িয়েছে ভারত সরকার। পাশাপাশি চিপ সরবরাহ কিছু ইতিবাচক দিকে মোড় নেয়ায় দেশটির অটোমোবাইল খাতও অব্যাহতভাবে ঘুরে দাঁড়াচ্ছে। ফলে এসব খাতে ইস্পাতের চাহিদা ব্যাপক হারে বাড়ছে।

চলতি বছর শেষে ভারতে ধাতুটির চাহিদা অন্যান্য ব্যবহারকারী দেশের তুলনায় সবচেয়ে বেশি থাকবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ডব্লিউএসএ)।

এতে বলা হয়, চলতি বছর ভারতে অপরিশোধিত ইস্পাতের চাহিদা দাঁড়াবে ১১ কোটি ৪০ লাখ টনে। গত বছর চাহিদার পরিমাণ ছিল ১০ কোটি ৬০ লাখ টন। সে হিসাবে চাহিদা ৭ দশমিক ৫ শতাংশ বাড়বে।

এদিকে শুধু চলতি বছরই নয়, আগামী বছরও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। চাহিদা ৬ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছে ডব্লিউএসএ।