দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে ক্রুজ জাহাজের (প্রমোদতরী) জন্য প্রথম এশিয়ান হোমপোর্ট করতে সম্মত হয়েছে সিঙ্গাপুরের পর্যটন বোর্ড ও ওয়াল্ট ডিজনি কোম্পানির একটি সহযোগী সংস্থা। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড ও ডিজনি ক্রুজ লাইন অন্তত পাঁচ বছর মেয়াদে হোমপোর্ট করার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছে। ডিজনি ক্রজ ক্যারিবিয়ান, ইউরোপসহ অন্যত্র কার্যক্রম পরিচালনা করলেও এশিয়ায় তাদের উপস্থিতি ছিল না। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ক্রুজ লাইনের তত্ত্বাবধায়ক ডিজনি সিগনেচার এক্সপেরিয়েন্সের প্রেসিডেন্ট টমাস মাজলুম বলেন, ‘আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোয় অনেক বেশি দৃষ্টি রাখছি। তবে এটি এশিয়ায় এবারই প্রথম।’
সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস ইশ্বরান বলেন, ‘ডিজনির সিঙ্গাপুরকে বেছে নেয়ায় এ অঞ্চলে আমাদের ক্রুজ পর্যটনের সম্ভাবনা বাড়বে। কেউ কেউ সিঙ্গাপুরকে “প্রাচ্যের ক্যারিবিয়ান’’ হিসেবে উল্লেখ করেছেন। ডিজনির এ পদক্ষেপের ফলে “এ অঞ্চলে প্রধান ক্রুজ হাব হবে সিঙ্গাপুর’’ এবং কৌশলগত অবস্থান, বিশ্বমানের বিমান যোগাযোগ ও বন্দর অবকাঠামোর কারণে “ক্রুজ পর্যটনের প্রধান খিলাড়ি’’ হবে সিঙ্গাপুর।’
কোম্পানিটি জানিয়েছে, ২ লাখ ৮০০ হাজার টন ভারবাহী ডিজনি ক্রুজ লাইন ছয় হাজার যাত্রী ও ২ হাজার ৩০০ ক্রু সদস্য বহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে আকাশপথে ভ্রমণকারীদের পাশাপাশি ‘লাখ লাখ স্থানীয় ও বিদেশী ক্রুজ যাত্রী’ চলাচলের সম্ভাবনা তৈরি হবে। ব্যাংককপোস্ট










