ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের (আইসিসি) চেয়ারম্যান মারিয়া ফার্নান্দা গারজা তিন দিনের সফরে এসেছেন। শনিবার (১৪ অক্টোবর) তিনি ঢাকায় এসে পৌঁছান।

ঢাকায় অবস্থানকালে মারিয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

 মারিয়া গারজা ১ জুলাই ২০২২ সাল থেকে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত দুই বছরের মেয়াদের জন্য প্যারিসভিত্তিক আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের উপদেষ্টা ও প্রতিনিধিদলেরও একজন অংশীজন।

মারিয়া একজন ব্যবসায়ী নেতা, ব্যবসাতে ন্যায্যতা কায়েমের দৃঢ় প্রবক্তা এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বোর্ড সদস্য। দশ বছর ধরে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্মেলনে মেক্সিকোর প্রতিনিধি ছিলেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৯৮তম অধিবেশনে এমপ্লয়ারসদের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।

তিনি একজন মেক্সিকান নারী ব্যবসায়ী, হোম ইমপ্রুভমেন্ট-ওয়াটার সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার সিইও, এই কোম্পানি ইউএসএমসিএ অঞ্চল, ল্যাটিন-আমেরিকা এবং এশিয়া অঞ্চলে পণ্য রফতানি করেন। ব্যবসায়ের সামগ্রিক পরিবেশের উন্নতিতে তার অবদানের জন্য তিনি অল্প বয়সেই একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়ে উঠেন ।

মারিয়া ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ারম্যান ও ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসিসি রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ ফর আমেরিকার আঞ্চলিক সমন্বয়কারী ছিলেন । তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের গভর্নিং বডি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির টেকসই নগরায়ন বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং ২০২২ সাল থেকে দুই বছরের জন্য জাতিসংঘের মহাসচিবের ইনোগ্রাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (আইজিএফ) লিডারশিপ প্যানেলে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত হন।