দেশের প্রথম নেক্সট জেনারেশন ট্রেডিং প্লাটফর্ম (এনটিপি) ‘‌শান্তা ইজিট্রেড’ চালু করেছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড। নতুন এ সংযোজনের মাধ্যমে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা তাদের স্মার্টফোন থেকেই নিরবচ্ছিন্ন ট্রেডিংয়ের সুযোগ পাবেন বলে আশা করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ ব্রোকারেজ হাউজটি।

অত্যাধুনিক এ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) অ্যাপটি এক বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন শ্রেণী-পেশার বিনিয়োগকারীদের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহকরা সহজেই পুঁজিবাজার ও পছন্দের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিরীক্ষা করে যেকোনো স্থান থেকেই নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন শেয়ারবাজারে।

অ্যাপটির বৈশিষ্ট্য হলো এতে অন্য কারো সহায়তা ছাড়া ঘরে বসেই লেনদেন করা যাবে, বায়োমেট্রিক প্রযুক্তির ফলে গ্রাহকের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা, এক অ্যাকাউন্ট থেকে লগইন করে একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একাধিক অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগ এবং শেয়ারবাজার ও অর্থনীতি সম্পর্কিত সর্বশেষ খবর পাওয়ার সুযোগ থাকবে ওএমএসটিতে।

অ্যাপটির উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের সিইও কাজী আসাদুজ্জামান বলেন, ‘‌এটি বাংলাদেশের বিনিয়োগ খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক যোগ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শান্তা ইজিট্রেড তৈরির পেছনে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল উন্নত প্রযুক্তির সাহায্যে দেশের সাধারণ বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ট্রেডিংয়ের সুযোগ করে দেয়া।