গত বছর মারাত্মকভাবে ধুঁকেছে চীনের অর্থনীতি। মহামারি ও আবাসন খাতে সংকটের জেরে চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখেছে এশিয়ার শীর্ষ অর্থনীতিটি। একদল বিশ্লেষকের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রেইটস টাইমস।
১০ সদস্যের একদল গবেষক জানান, ২০২২ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। ২০২১ সালের ৮ শতাংশ প্রবৃদ্ধি থেকে যা বড় আকারের পতন।
১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছরে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পর ২০২২ সালে সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখল চীন। ২০১৯ সালে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাবের পর করোনা বিপর্যয়ের ২০২০ সালের উপাত্ত বাদ দেয়া হয়েছে।
২০২২ সালে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিল বেইজিং। কিন্তু সরকারের জিরো কভিড নীতি, শিল্পোৎপাদন খাতে শ্লথগতি ও ভোক্তা ব্যয় হ্রাসের ফলে অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে।গত বছরের প্রথমার্ধে অর্থনীতিতে গতিশীলতা থাকলেও দ্বিতীয়ার্ধে ধুঁকেছে চীনের অর্থনীতি। অভ্যন্তরীন করোনা পরিস্থিতির পাশাপাশি মাথাব্যথার কারণ হিসেবে ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং তার ফলে সৃষ্ট সরবরাহ চেইন সংকট।










