সম্প্রতি এনএসইউর সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ শীর্ষক ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে কার্ডটি উদ্বোধন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে ঢাকা ব্যাংক, এনএসইউ ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ এবং হেড অব রিটেইল বিজনেস এইচএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এনএসইউর পক্ষে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়া মাস্টারকার্ডের লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনএসইউর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি কার্ডটিতে রয়েছে শিক্ষা, ডিজিটাল সেবা, দৈনন্দিন ব্যয় নিরাপদ ও সহজভাবে পরিচালনার সুযোগ। এর মাধ্যমে দেশে-বিদেশে ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সুবিধা পাওয়া যাবে। এছাড়া অনলাইন স্ট্রিমিং, বিনোদন, ফুড ডেলিভারি ও রাইডশেয়ারিংয়ের মতো তরুণদের জনপ্রিয় সেবায়ও থাকছে ছাড় ও ক্যাশব্যাক অফার।
কার্ডটিতে রয়েছে আইইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোয়েফল পরীক্ষার ফি পরিশোধ; স্টার সিনেপ্লেক্সের টিকিট ক্রয় এবং নেটফ্লিক্স, স্পটিফাই, চরকি ও হইচইর মতো স্ট্রিমিং প্লাটফর্মের সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। কিভা হানের মতো নির্বাচিত রেস্টুরেন্টে মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া জিওর্দানোর মতো লাইফস্টাইল ব্র্যান্ড এবং পাঠাও রাইডশেয়ারিং ও ফুড ডেলিভারি সেবায় রয়েছে বিশেষ সুবিধা।
ঢাকা ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগ এবং একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সেতুবন্ধ তৈরি করা গুরুত্বপূর্ণ।’ উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, আর্থিক সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের তরুণদের স্বপ্ন পূরণে ঢাকা ব্যাংক ভবিষ্যতেও কাজ করবে বলে জানান তিনি।
কার্ডটি উদ্বোধন প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘প্রযুক্তিনির্ভর ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও সহজ পেমেন্ট সমাধান প্রয়োজন। এ অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা, বিনোদন, চলাচল ও লাইফস্টাইল ব্যয়ে শিক্ষার্থীরা সুবিধা পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’









