বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে বিওসি এভিয়েশন। হংকংভিত্তিক উড়োজাহাজ ভাড়া দেয়া প্রতিষ্ঠানটি ৪০টি ৭৩৭ ম্যাক্স ৮ জেটের ক্রয়াদেশ দিয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে বিওসির সরু বড়ির উড়োজাহাজের সংখ্যা বেড়ে যাবে। খবর নিক্কেই এশিয়া।
২০২০ সালের শেষ দিক থেকে এবং এখন পর্যন্ত কিছু মডেল নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছে বোয়িং। এজন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটিকে কয়েকটি মডেলের সরবরাহ বারবার বন্ধ রাখতে হয়েছে। এমন প্রতিবন্ধকতা সত্ত্বেও বোয়িং দেড় হাজারেরও বেশি ৭৩৭ ম্যাক্স ফ্যামিলি জেটের ক্রয়াদেশ পেয়েছে।
বোয়িংয়ের গ্লোবাল লিজিং সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান উইয়ার বলেন, ‘আমরা গর্বিত যে বিওসি এভিয়েশন শিল্পে নেতৃস্থানীয় ভূমিকা অব্যাহত রেখেছে। পাশাপাশি স্বল্প ও মাঝারি দূরত্বের বাজারে লাভজনকভাবে কার্যক্রম পরিচালনা করছে। এগুলোর সঙ্গে সংস্থাটি ৭৩৭-৮ ফ্যামিলি উড়োজাহাজগুলোয় বিনিয়োগ অব্যাহত রেখেছে।
বিওসি এভিয়েশনের উপব্যবস্থাপনা পরিচালক ডেভিড ওয়ালটন বলেন, আমরা বোয়িংয়ে ক্রমবর্ধমান ক্রয়াদেশের অংশ হিসেবে ৪০টি জ্বালানি সাশ্রয়ী ৭৩৭-৮ উড়োজাহাজ কিনছি। এ ক্রয়াদেশের মাধ্যমে বোয়িংয়ের সঙ্গে আমরা বিদ্যমান সম্পর্ক বজায় রাখতে পেরে আনন্দিত।
তিনি আরো বলেন, আমরা আমাদের এয়ারলাইনস গ্রাহকদের প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত উড়োজাহাজ সরবরাহের উদ্যোগ চালিয়ে যেতে চাই। আমরা সংস্থাগুলোর টেকসই প্রবৃদ্ধিকে সমর্থন করতে সর্বদা প্রস্তুত রয়েছি।
বিওসি এভিয়েশন হলো বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ লিজিং কোম্পানিগুলোর মধ্যে একটি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটির মালিকানায় ৬১২টি উড়োজাহাজ ছিল। ৩৮টি দেশের ৮১টি এয়ারলাইনসে প্রতিষ্ঠানটির লিজে দেয়া উড়োজাহাজ রয়েছে।










