চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি এবং দেশের শ্রমবাজারের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’। আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এ ক্যারিয়ার সামিট ও জব ফেস্টের আয়োজন করা হয়।

নেক্সটজবজের এ আয়োজনে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজার হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেক্সটজবজ লিমিটেডের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শোয়েব হাসান। এ সময় আকিজ রিসোর্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আফসার উদ্দিন, প্রধান ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজনীন কাউসার চৌধুরী জানান, বর্তমান শ্রমবাজারের চাহিদার কথা ভেবে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, চাকরিপ্রার্থীদের কাজের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে যোগাযোগ, নেতৃত্ব প্রদান ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো দরকার।

তিনি আরো জানান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের পথ সুগম করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের প্রয়োজন রয়েছে। নেক্সটজবজের মতো প্রতিষ্ঠানগুলো নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নেক্সটজবজ লিমিটেডের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শোয়েব হাসান জানান, তাদের প্রতিষ্ঠান সমন্বিত মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। তাদের মূল লক্ষ্য হলো চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এ সামিটের মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ ও প্রশিক্ষণ খাতকে একই ছাতার নিচে আনা সম্ভব হয়েছে।

মেলার মূল আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার এবং তাৎক্ষণিক নিয়োগ কার্যক্রম। সেখানে প্রায় ৭৫০টি পদে ২ হাজার ৫০০ চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সাক্ষাৎকার দেয়ার সুযোগ পান এবং সরাসরি চাকরির সুযোগ অর্জন করেন। এছাড়া আয়োজনে অভিজ্ঞ পেশাজীবীদের দিকনির্দেশনা, অংশগ্রহণমূলক কার্যক্রম, লটারি ও কুশল বিনিময়ের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন কেন্দ্র ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর কার্যক্রম প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণ ও সনদ দেয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি তাদের নির্বাহী কর্মকর্তা নিয়োগ বিভাগ ‘নেক্সট রিসোর্স’-এর বেতন ব্যবস্থাপনা ও কর্মী সরবরাহ সংক্রান্ত সেবার তথ্যও উপস্থাপন করা হয়।

এ আয়োজনে শিক্ষার্থী, সদ্য স্নাতক শেষ করা তরুণদের থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী ও উচ্চপর্যায়ের নির্বাহীরা অংশ নেন। এর মাধ্যমে কর্মসংস্থানের প্রস্তুতি, দক্ষতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের এক দারুণ সংযোগ তৈরি হয়েছে।

—বিজ্ঞপ্তি