চরম আবহাওয়ায় ব্যাহত হচ্ছে আর্জেন্টিনার গম উৎপাদন। দেশটির বেশির ভাগ কৃষিক্ষেত্র এখন বৃষ্টির জন্য ধুঁকছে। তবে আগামী মাসে বৃষ্টির পূর্বাভাস কিছুটা স্বস্তি এনেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বুয়েনস আয়ার্সের শস্য বিনিময় দপ্তর (গ্রেইন এক্সচেঞ্জ)। খবর রয়টার্স।

শস্য বিনিময় দপ্তর বলেছে, উচ্চ তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া ও তুষারপাত এ মৌসুমের গমের ফলনকে প্রভাবিত করেছে। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম প্রধান গম রফতানিকারক দেশ। গত মৌসুমে খরার কারণে গমের উৎপাদন অর্ধেক হয়ে যাওয়ার পর দেশটির কৃষকেরা প্রত্যাশা করেছিল পরবর্তী মৌসুমে পরিস্থিতির বদল ঘটবে।

এক্সচেঞ্জের সাপ্তাহিক প্রতিবেদন অনুসারে, কম বৃষ্টিপাত ফসলের ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে আর্জেন্টিনার মধ্য ও উত্তরাঞ্চলীয় কৃষি অঞ্চলে।

মে মাসে মৌসুম শুরু হওয়ার পর থেকে কৃষকরা ৬০ লাখ হেক্টর (১৪ লাখ ৮০ হাজার একর) আবাদ করেছেন। এ মৌসুমের ফসল সংগ্রহ নভেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে।

এক্সচেঞ্জ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে, সেপ্টেম্বরের প্রথমার্ধে কিছু কৃষি অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বুয়েনস আয়ার্স ও লা পাম্পা প্রদেশে উৎপাদন বাড়াবে এবং সেচের অভাব দূর করবে। বুয়েনস আয়ার্স প্রদেশের দক্ষিণ দিকে সবচেয়ে ভালো ফলন হয়। এক্সচেঞ্জ জানিয়েছে, পর্যাপ্ত আর্দ্রতা থাকায় সেখানে গমের ফলন ভালো হয়েছে।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের ভুট্টা উৎপাদন সম্পর্কে এক্সচেঞ্জ বলেছে, এখনো ১ দশমিক ১ শতাংশ ফসল কাটা বাকি রয়েছে। ভুট্টার উৎপাদন ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন, যা আগের মৌসুমের চেয়ে ৫ কোটি ২০ লাখ টন থেকে কম। উৎপাদন কমার অন্যতম কারণ ছিল খরার বিরূপ।