শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) চলতি সপ্তাহে সয়াবিনের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে মাসভিত্তিক দাম বড় পরিসরে বেড়েছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। রফতানি বাজারে যুক্তরাষ্ট্রের সয়াবিন চাহিদা বেড়ে যাওয়া এবং ভরা মৌসুমে শুষ্ক আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় মূল্যবৃদ্ধি ঘটেছে। খবর রয়টার্স।
অন্যদিকে গম ও ভুট্টার মাসভিত্তিক দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এর মধ্যে গমের দাম কমে গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শীর্ষ রফতানিকারক দেশ রাশিয়া থেকে সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই মূলত এ দরপতন ঘটেছে।
রাবো ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেনিস ভোজনেসেনস্কি জানান, যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে আগামী মাসগুলোয় সয়াবিনের দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বুশেলপ্রতি (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ১৩ ডলার ৮৬ সেন্টে অপরিবর্তিত ছিল। এটির মাসভিত্তিক দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।
এদিকে এক মাসের ব্যবধানে সিবিওটিতে ভুট্টার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। গমের দাম দশমিক ৫ শতাংশ কমে বুশেলপ্রতি ৬ ডলার ৪ সেন্টে নেমেছে।










