চীনের খ্যাতনামা ফিনটেক কোম্পানি অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন জ্যাক মা। আজ শনিবার (৭ জানুয়ারি) কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

২০২০ সালে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার মূল্যের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থগিত করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। বৃহত্তম আইপিও নিয়ে শেয়ার বাজারে প্রবেশের চেষ্টা চালালেও সব চেষ্টা ব্যর্থ হয় অ্যান্ট গ্রুপের। সংস্থাটির ইতিহাসে এটা একটি বড় ঘটনা ছিল।

তার জেরেই এই অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা তাদের পরিচালন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে।

শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত মোতাবেক, শিগগিরই কয়েক দফায় শেয়ার হস্তান্তর হবে। এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে কোম্পানিটির নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জ্যাক মার মতামত দেয়ার ক্ষমতা থাকবে না।

জ্যাক মা অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিক ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব মতে, সর্বশেষ পরিবর্তনের ফলে তার শেয়ার সংখ্যা ৬ দশমিক ২ শতাংশে গিয়ে ঠেকছে।