মানসম্পন্ন জাফরান উৎপাদন ও তা রফতানির জন্য ইরানের খ্যাতি বিশ্বজোড়া। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি প্রায় ৩৮ টনে উন্নীত হয়েছে। ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ফিন্যান্সিয়াল ট্রিবিউন।
ইরানে ২১ মার্চ থেকে নতুন অর্থবছর শুরু হয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (২১ মার্চ-২১ জুলাই) ইরান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩৭ দশমিক ৬৪ টন জাফরান রফতানি হয়েছে। এ সময় জাফরান রফতানি করে ইরানের রফতানিকারকরা সব মিলিয়ে ৩ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলার আয় করেছেন।
ইরানের রাজস্ব বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, অর্থবছরের প্রথম চার মাসে ইরান থেকে ৫২টি দেশে জাফরান রফতানি হয়েছে। এ সময় হংকংয়ে মোট ১২ দশমিক ৭৩ টন জাফরান রফতানি করেছে ইরান। আয় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ডলার। গত ২১ মার্চ থেকে ২১ জুলাই সময়ে ইরান থেকে স্পেনে ৯ দশমিক ১৯ টন ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৩ দশমিক ৪৮ টন জাফরান রফতানি হয়েছে। এছাড়া অর্থবছরের প্রথম চার মাসে ইতালি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ফ্রান্স ও চীনে উল্লেখযোগ্য পরিমাণ জাফরান রফতানি করেছে ইরান।










