নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর ধাক্কা লেগেছে রাশিয়ার কয়লা শিল্পে। বিদায়ী বছরে দেশটির খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের তুলনায় ৯ শতাংশের বেশি কমে ৪১ কোটি টনের নিচে নেমে এসেছে। রাশিয়ার সেন্ট্রাল ডিসপ্যাচিং ডিপার্টমেন্ট অব ফুয়েল এনার্জি কমপ্লেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কোলহাবডটকম।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান সপ্তম। তবে রাশিয়া বিশ্বের তৃতীয় শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১৩ দশমিক ৫ শতাংশ দেশটি এককভাবে জোগান দেয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে রাশিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৪০ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৯ দশমিক ২ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে সর্বশেষ ডিসেম্বরে রাশিয়ার খনিগুলো থেকে কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ১ শতাংশ। এ সময় দেশটিতে সব মিলিয়ে উত্তোলন হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টন কয়লা।
তবে উত্তোলন কমলেও গত বছর রাশিয়ার কয়লা রফতানিতে প্রবৃদ্ধি বজায় ছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৯ কোটি ৫০ লাখ ৯০ হাজার টন কয়লা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি। ডিসেম্বরে রাশিয়া থেকে আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেড়ে মোট ১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টন কয়লা রফতানি হয়েছে।










