ভারত ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে এখন রুপিতে লেনদেন করা যাবে। মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০২২ সালের জুলাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে রুপি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তার পরিপ্রেক্ষিতেই মালয়েশিয়ার সঙ্গে লেনদেনে রুপি ব্যবহারের কথা জানানো হলো। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এক বিবৃতিতে হাইকমিশনটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির জন্য নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সেই সঙ্গে বিশ্ব বাণিজ্যসংশ্লিষ্টদের মধ্যে ভারতীয় মুদ্রার সমর্থন বাড়াতেও এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন এ প্রক্রিয়া মালয়েশিয়ার বৈদেশিক মুদ্রার নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দেশটির ব্যাংকিং নিয়ম ও প্রবিধান অনুযায়ী, যেকোনো বৈদেশিক মুদ্রায় পণ্য বা পরিষেবার আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তি করার অনুমতি রয়েছে। ফলে মালয়েশিয়ার ব্যবসায়ীদের জন্যও এটি সমস্যা সৃষ্ট করবে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক অব মালয়েশিয়া হলো দেশটির প্রথম ব্যাংক, যেটি এ প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। ভারতে তাদের অংশীদার ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে একটি বিশেষ ভস্ট্রো রুপি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ প্রক্রিয়া চালু করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ও মালয়েশীয় ব্যবসায়ীরা রুপি বিনিময় করে ব্যবসা পরিচালনার অনুমতি পাবেন। এর মাধ্যমে লেনদেন হওয়া পণ্য ও পরিষেবার ভালো মূল্য নির্ধারণ করা যাবে। দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি বাণিজ্য করতে পারবেন এবং সেই সঙ্গে অর্থ স্থানান্তর ও দেশীয় মুদ্রায় রূপান্তরের যে সংকট, তাও আর থাকবে না।
ভারত ও মালয়েশিয়ার মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১ হাজার ৯৪০ কোটি ডলারে পৌঁছে। এখন থেকে রুপি ব্যবহার করে ব্যবসায়িক লেনদেন করার নিয়ম চালুর ফলে এ বাণিজ্য সম্পর্ক আরো উন্নত হবে এবং লেনদেনের আকারও বাড়বে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।










