দেড় হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফুটওয়্যার কোম্পানি নাইকি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মশক্তির প্রায় ২ শতাংশ। ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে এ ছাঁটাই প্রক্রিয়া পরিচালনা করা হবে বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি। খবর সিএনবিসি।
বেভারটন ওরেহভিত্তিক স্নিকার জায়ান্ট জানিয়েছে, মূলধনকে তারা আরো ভালোভাবে ব্যবহার করতে চায়। এক্ষেত্রে রানিং, উইমেন্স ও জর্ডান ব্র্যান্ডের মতো বিস্তৃত পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী কোম্পানিটি।
নাইকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন দোনাহো সিএনবিসিকে বলেন, ‘যেভাবেই হোক আমরা আমাদের প্রবৃদ্ধি পুনরুদ্ধার করতে চাই। বর্তমানে আমরা আমাদের সেরা পারফর্ম করতে পারছি না। এটি একটি বেদনাদায়ক বাস্তবতা এবং এটিকে আমরা হালকাভাবে নিচ্ছি না। এজন্য শেষ পর্যন্ত আমি নিজেকে এবং আমার দলীয় নেতৃত্বকেই দায়ী মনে করি।’
নাইকি কর্তৃপক্ষ জানিয়েছে, ছাঁটাই প্রক্রিয়া দুটি পর্যায়ে হবে। চলতি সপ্তাহেই প্রথম রাউন্ড শুরু হবে এবং দ্বিতীয় রাউন্ড চতুর্থ প্রান্তিকের শেষ দিকে হতে পারে, যা সাধারণত মে মাসের শেষ হয়।
প্রতিষ্ঠানটি বলছে, নাইকির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ছাঁটাই প্রক্রিয়া স্থানীয় শ্রম আইনের ওপর ভিত্তি করে ভিন্ন টাইমলাইনে করা হবে। কোন কোন বিভাগের কর্মীরা ছাঁটাইয়ের শিকার হবে, তা স্পষ্ট করে জানায়নি নাইকি কর্তৃপক্ষ। তবে স্টোর বা ওয়্যারহাউজের ক্ষুদ্র কর্মীরা এতে প্রভাবিত হবে না বলে জানিয়েছে কোম্পানিটি।
বিশ্বজুড়ে মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক সংকটের কারণে ভোক্তারা নিজেদের খরচের ক্ষেত্রে আরো সতর্ক হয়েছে। ফলে খুচরা শিল্প বিশেষ করে জুতা কিংবা পোশাকের মতো আইটেমের চাহিদা কমেছে, যা নাইকির আয়ে শ্লথগতি আনার পেছনে ভূমিকা রেখেছে।
গত ডিসেম্বরে নাইকি কর্তৃপক্ষ পরবর্তী তিন বছরে প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্য একটি বিস্তৃত পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে। চাহিদা ও স্বল্প পাইকারি ক্রয়াদেশের পাশাপাশি অনলাইনে বিক্রি কমে আসায় কোম্পানিটি তাদের বিক্রির পূর্বাভাস কমিয়েছে। এছাড়া প্রচারের ওপর বেশি নির্ভর করে এমন একটি বাজারের জন্য প্রস্তুতি নিচ্ছে।
নাইকির পুনর্গঠনসংক্রান্ত ঘোষণার কিছু আগে দি ওরেগোনিয়ান প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, নাইকি কয়েক সপ্তাহ ধরে নিঃশব্দে কর্মী ছাঁটাই করছে।
পাশাপাশি কোম্পানিটি ইঙ্গিত দিয়েছে, তারা একটি বিস্তৃত পুনর্গঠনের পরিকল্পনা করছে। প্রতিবেননে বলা হয়েছে, রিক্রুটমেন্ট, সোর্সিং, ব্র্যান্ড, ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স ও ইনোভেশনসহ আরো কিছু বিভাগে সিরিজ ছাঁটাই করছে নাইকি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বড় কোম্পানিগুলো ব্যাপক মাত্রায় কর্মী ছাঁটাই চালিয়ে যাচ্ছে। পেছনে যুক্তি দেয়া হচ্ছে কোম্পানির ব্যয় সংকোচন ও পুনর্গঠন।










