অ্যাকাডেমিক উৎকর্ষ এবং ফলপ্রসূ গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকদের ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব নতুন ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ করা হয়।
কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড উদ্ভাবনের সংস্কৃতি, গবেষণা এবং সামাজিক দায়িত্বশীলতা গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের একটি নিদর্শন। অ্যাকাডেমিক উৎকর্ষ ও সামাজিক প্রভাব অর্জনের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এরই স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ ফলপ্রসূ গবেষণাগুলোকে সম্মান জানাতে এ পুরস্কার দেয়া হয়েছে। এ বছর স্কোপাস জার্নালের প্রথম প্রান্তিকের শীর্ষ ১০ শতাংশে থাকা ৭৮টি গবেষণার জন্য ৪৩ জন গবেষককে সম্মাননা দেয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, গবেষকদের ধারাবাহিকভাবে উদ্ভাবনের সাধনায় নিয়োজিত থাকতে হবে। সেখানে বিরতি দেয়ার অর্থ হলো যা অর্জিত হয়েছে তা হারিয়ে ফেলা। অজানাকে জানার কোনো সীমা থাকতে পারে না।
এ সময় তিনি ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা অগ্রযাত্রায় অবদান রাখা সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও জ্ঞান আহরণে সব সময় সবার চেয়ে এগিয়ে থাকার পরামর্শ দেন।
ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, গবেষণা ব্র্যাক ইউনিভার্সিটির প্রাণ। গবেষণা ও সামাজিক সমস্যাগুলোর সৃজনশীল সমাধানে আমাদের শিক্ষক, গবেষকরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মাহবুব রহমানমহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অনেকে।










