চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্রয়াদেশ নেয়া শুরু করেছে। আর অভিষেকে ভালোই সাড়া পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঘোষণার প্রথম ২৭ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি ক্রয়াদেশ পেয়ে চমক দেখাল শাওমি। খবর বিবিসি।
এ প্রযুক্তি জায়ান্টের প্রধান নির্বাহী লেই জুন বলেন, ‘স্ট্যান্ডার্ড এসইউ সেভেন মডেলের দাম হবে ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান (২৯ হাজার ৮৭২ ডলার) ও ম্যাক্স সংস্করণের দাম হবে ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান।’
গত কয়েক বছরে ইভির বাজার ভালো প্রবৃদ্ধি দেখলেও সাম্প্রতিক পূর্বাভাস নতুন কোনো সুখবর দিচ্ছে না। এ সময়ে বিদ্যমান নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামল শাওমি। বর্তমানে চীনে বিক্রির লড়াইয়ে মুখোমুখি রয়েছে টেসলা ও স্থানীয় কোম্পানি বিওয়াইডি। অবশ্য শুরুতেই দামের দিকে থেকে টেসলাকে টেক্কা দিয়েছে শাওমি। কারণ টেসলার মডেল থ্রির জন্য চীনে প্রারম্ভিক মূল্য ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান।
পোরশের টেকান ও পানামেরার মডেলের সঙ্গে তুলনীয় এসইউ সেভেন। এ তথ্য দিয়ে লেই জুন জানান, গাড়িটির ন্যূনতম রেঞ্জ হবে ৭০০ কিলোমিটার। অর্থাৎ টেসলার মডেল থ্রির ৫৬৭ কিলোমিটারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি।
এসইউ সেভেনে যুক্ত থাকছে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম। ফলে ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যাবে, যা বিদ্যমান শাওমির গ্রাহকের কাছে নতুন আবেদন তৈরি করবে বলে আশা করে প্রতিষ্ঠানটি।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট অনুসারে, শাওমি বৈশ্বিক স্মার্টফোনের তৃতীয় বৃহত্তম বিক্রেতা, যার মার্কেট শেয়ার প্রায় ১২ শতাংশ।
বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি প্রস্তুতকারক বিএআইসি গ্রুপের একটি ইউনিট ব্যবহার করছে শাওমি। এখান থেকে বছরে দুই লাখ গাড়ি তৈরি করা যাবে।
প্রচলিত গাড়ির নির্মাতার পাশাপাশি ইভির বাজারে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে প্রযুক্তি সংস্থাগুলো। যদিও ফেব্রুয়ারিতে আইফোন নির্মাতা অ্যাপল ইভি তৈরির পরিকল্পনা বাতিল করেছে। বিশ্লেষকদের ধারণা, অ্যাপল চীনের বাইরে ইভির সম্ভাবনা না দেখায় পিছিয়ে এসেছে। তবে হুয়াওয়ের মতো চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইভির বাজারে অল্প সময়ে ভালো সাড়া পেয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির কর্মকর্তা অভিষেক মুরালি বলেন, ‘চীনের ইভি বাজার খুবই পরিপক্ব। এখানে ইভি নির্মাতাদের জন্য খুব স্থিতিশীল পরিবেশ রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, চীনে ব্যাটারি সাপ্লাই চেইন খুব শক্তিশালী।’










